প্রকাশিত: ১১:৩২ অপরাহন, গাস্ট ১৪, ২০২৬
সারাদিন ডেস্ক
প্রশাসনে আবারও রদবদল করেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব এবং একজনকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলামকে বদলি করে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে শরীয়তপুরের এডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউএনও সাগুফতা হককে বদলি করে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে মুন্সীগঞ্জের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছিল।
ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১০(২) ধারার বিধান অনুযায়ী, এই দুই কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।
এদিকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে ওই পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া গত ১২ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াকে প্রত্যাহার এবং ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার যে আদেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।