প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্, গাস্ট ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে সমস্যায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে রাষ্ট্রদূতের পদটি শূন্য হওয়ার পর যোগ্য ও প্রভাবশালী প্রার্থী খুঁজে পাচ্ছেন না তিনি। সম্ভাব্য কয়েকজন প্রার্থীও গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিতে অনাগ্রহ দেখাচ্ছেন।
সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ওয়াশিংটনে ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত ওলহা স্তেফানিশিনাকে সরিয়ে দেওয়ার পর পদটি শূন্য হয়। এরপর জেলেনস্কি সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকোকে রাষ্ট্রদূত করার প্রস্তাব দেন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
জেলেনস্কি নিজেও এর আগে জানিয়েছিলেন, তিনি স্ভিরিদেনকোর ওপর ভরসা করেছিলেন এবং তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছিলেন। তার প্রত্যাশা ছিল, ওয়াশিংটনে এমন একজন প্রতিনিধি থাকবেন যার উপ-প্রধানমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।
স্ভিরিদেনকোর পর সম্ভাব্য অন্য প্রার্থীরাও দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন। ইউক্রেনের সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিরোধী আইনপ্রণেতা ইভানা ক্লিমপুশ-ৎসিনৎসাদজের ভাষ্য, যথেষ্ট রাজনৈতিক প্রভাব ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা এমন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কর্মপরিবেশ ও স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন।
বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনে একজন শক্তিশালী রাষ্ট্রদূত ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়েছে।
ইউক্রেনের বিরোধী আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ইউরচিশিনের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত জেলেনস্কি নতুন রাষ্ট্রদূত নিয়োগ নাও দিতে পারেন। কারণ নির্বাচনের পর ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে প্রার্থী বাছাই করা সহজ হতে পারে।
সব মিলিয়ে যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের কূটনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর যোগ্য প্রার্থী খুঁজে না পাওয়ায় বিষয়টি জেলেনস্কি সরকারের জন্য নতুন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।