Print

সারাদিন

আজ ১৫ আগস্ট

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্, গাস্ট ১৫, ২০২৬

সারাদিন ডেস্ক

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় শেখ মুজিবুর রহমান নিহত হন। একই ঘটনায় তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালসহ পরিবারের অন্য সদস্য ও ঘনিষ্ঠজনরাও নিহত হন।

শেখ মুজিবুর রহমানের অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তাঁর স্ত্রী আরজু মণিসহ আরও কয়েকজনও ওই ঘটনায় নিহত হন। এ সময় শেখ মুজিবের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ব্রিটিশ শাসনের অবসানের পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁর ভূমিকা তাঁকে বাঙালির অন্যতম প্রধান রাজনৈতিক নেতায় পরিণত করে।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর পাকিস্তানি শাসকগোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে অনীহা এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হয়ে ওঠেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত।

Nagad
Nagad

তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট পালনের রাষ্ট্রীয় মর্যাদা ও কর্মসূচিতে পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও পরবর্তী সময়ে নিষেধাজ্ঞার আওতায় আসে।

ফলে আগের বছরগুলোর মতো রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট পালনের আনুষ্ঠানিকতা এবার আর নেই। তবে দিনটি বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের স্মৃতি বহন করে আসছে।