প্রকাশিত: ৮:৩৭ অপরাহন, গাস্ট ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে মূল্যায়ন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে নতুন একটি অধিদপ্তর গঠন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘নির্যাতিতদের পরিবারগুলোর জন্য সরকার কিছু করতে চায়। এ সংক্রান্ত নতুন করে একটি অধিদপ্তর করা হবে এবং তাদের গেজেটভুক্ত করে স্বীকৃতি দেওয়া হবে।’
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে গেজেটভুক্ত হওয়ার যোগ্য অনেকেই বঞ্চিত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তড়িঘড়ি করে এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বঞ্চিতদের মূল্যায়নের জন্য তা আবার চালু করা হয়েছে।
আহমেদ আজম খান বলেন, ‘মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী শক্তি যাদের বঞ্চিত করেছে, আমরা তাদের মূল্যায়ন করব।’
খালেদা জিয়ার প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জীবিতকালে যেমন তিনি ইতিহাস ছিলেন, মৃত্যুর পরও ইতিহাস হয়ে আছেন। দেড় কোটির বেশি মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ টেলিভিশনে জানাজা দেখেছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘যতবার নির্বাচনে এসেছেন, তিনি ততবারই মানুষের ভালোবাসা পেয়ে নির্বাচিত হয়েছেন।’