Print

সারাদিন

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ

প্রকাশিত: ৮:২৭ অপরাহন, গাস্ট ১৬, ২০২৬

সারাদিন ডেস্ক

ব্যবসায়ীদের সুবিধার জন্য একবারে পাঁচ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

একই সঙ্গে ঘরে বসে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ফি পরিশোধের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ সভার আয়োজন করে।

আব্দুস সালাম বলেন, ট্রেড লাইসেন্স সেবা দ্রুত ও সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ট্রেড লাইসেন্স জাল হওয়ার ঘটনায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

তিনি বলেন, জাল ট্রেড লাইসেন্সের মাধ্যমে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিচ্ছে। এতে সিটি করপোরেশন রাজস্বও পাচ্ছে না। তাই সেবাকে সহজ করার পাশাপাশি জালিয়াতি বন্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Nagad
Nagad

ব্যবসায়ীদের পাঁচ বছরের জন্য একবারে ট্রেড লাইসেন্স নবায়নের দাবির বিষয়ে তিনি বলেন, এটি করা সম্ভব। কয়েক দিনের মধ্যেই ব্যবসায়ীদের পাঁচ বছরের জন্য একবারে ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার বিষয়টি জানানো হবে।

ঘরে বসে বিভিন্ন সেবা পাওয়ার উদ্যোগের কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকরা যেন ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের ফি পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারেন, সে ব্যবস্থা করা হবে।

সাইনবোর্ডের কর বাড়ছে না

সাইনবোর্ডের কর বাড়ানো হচ্ছে না বলেও জানান আব্দুস সালাম। তবে প্রকৃত মাপ অনুযায়ী সাইনবোর্ডের কর নির্ধারণ করা হলে সিটি করপোরেশনের রাজস্ব বাড়বে বলে জানান তিনি।

ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এটি জবরদস্তির বিষয় নয়; পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে হবে।

বকেয়া ট্রেড লাইসেন্সে মার্কেটভিত্তিক সমাধান

পুরান ঢাকার বিভিন্ন মার্কেটে দীর্ঘদিনের বকেয়া ভাড়া, কর ও ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

যেসব মার্কেটে দীর্ঘদিন ট্রেড লাইসেন্স নবায়ন হয়নি, সেসব ক্ষেত্রে ঢাকা চেম্বারের নেতাদের মার্কেটভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজন হলে সিটি করপোরেশনের প্রতিনিধি পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলেন।

যানজট বড় সমস্যা

ঢাকার যানজটকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হকার ও ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, উচ্ছেদ নয়, শৃঙ্খলা প্রয়োজন। শুধু পুলিশের ওপর দায়িত্ব দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। ঢাকার নাগরিক ও ব্যবসায়ীদেরও দায়িত্ব নিতে হবে।

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় পঞ্চায়েত ব্যবস্থা চালুর দাবির প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে একটি হেরিটেজ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।