প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্, গাস্ট ১৭, ২০২৬
সারাদিন ডেস্ক
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে একযোগে বদলি করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে ১৫২ সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়। একই দিনে ১৩৫ উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)-কেও বদলি করা হয়েছে।
লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ও রংপুর বিভাগে ১৭ জন সহকারী প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া উপবিভাগীয় প্রকৌশলী পদে লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন ও রংপুর বিভাগে ১৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (সিভিল ও ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আয়োজিত লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৩ আগস্ট ২০২৬ তারিখে ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়েছে। সূত্র: ইউএনবি