Print

সারাদিন

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’, বদলাবে না ০১৬ নম্বর ও সেবা

প্রকাশিত: ৬:১৩ অপরাহন, গাস্ট ১৭, ২০২৬

সারাদিন ডেস্ক

মোবাইল অপারেটর রবির এয়ারটেল ব্রান্ডের নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।

রবি আজিয়াটা জানিয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ও সেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।

গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। এসব সেবা নিরাপদ ও সচল থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রবি আজিয়াটা বলছে, এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই ‘সার্কেল’ ব্র্যান্ড তৈরি করা হয়েছে। নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যতমুখী প্রযুক্তি ও উন্নত ডিজিটাল সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

‘সার্কেল’-এর লক্ষ্য হলো গ্রাহকদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে আরও অর্থবহভাবে যুক্ত রাখা। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও অন্যান্য ডিজিটাল কার্যক্রমে তরুণদের নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রার পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।
তিনি বলেন, সংযোগের ক্ষেত্রে শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই এখন মূল বিষয় নয়; বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।

Nagad
Nagad

‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি ‘আসল সংযোগ, সবসময় সচল’। নতুন ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবায় বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানিয়েছে রবি আজিয়াটা।

ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকের সেবা নিরবচ্ছিন্ন থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।