উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২:৪১ অপরাহন, গাস্ট ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার-হেমায়েতপুর অংশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধিত এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানমও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় দুই দশক ধরে এ মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও স্থানীয় বাসিন্দারা ময়লা ও দুর্গন্ধের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। সেই দুর্ভোগের অবসান ঘটিয়ে এলাকাটিকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দিয়ে চলাচল করেন। খুব শিগগিরই তারা এখানে আবর্জনার পরিবর্তে দৃষ্টিনন্দন বৃক্ষ ও সবুজ পরিবেশ দেখতে পাবেন।
ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মহাসড়কের পাশে ল্যান্ডফিল ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। নির্ধারিত ল্যান্ডফিলের বাইরে মহাসড়কে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে সেখানে দুটি উইন্ডমিল স্থাপন করা হবে। এসব উইন্ডমিল থেকে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কের বাতি জ্বালানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের পাশে থাকা ময়লার ভাগাড়ের নির্দিষ্ট স্থানে বালি ও মাটি ফেলে জমি প্রস্তুত করা হয়েছে। এরপর সেখানে নারিকেল, সুপারি ও নিমসহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে। মাটি ধরে রাখতে বিশেষ ধরনের ঘাস লাগানোর পাশাপাশি অননুমোদিতভাবে বর্জ্য ফেলা বন্ধে মহাসড়কের পাশে মজবুত নেটের বেড়া দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও দুর্গন্ধের কারণে আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের এ অংশটি যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগের কারণ ছিল। সমন্বিত পরিচ্ছন্নতা, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব সড়কে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।