Print

সারাদিন

একনেকে ৯ হাজার ৫৮৯ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ৫:২০ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৫৮৯ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়।

এর মধ্যে ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্পটি অনুমোদন পায়নি। প্রকল্পটি আরও যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, সড়ক, নৌপরিবহন, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের প্রকল্প রয়েছে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হবে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা ব্যয়ের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। সেপ্টেম্বর ২০২৬ থেকে আগস্ট ২০৩০ মেয়াদে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর এটি বাস্তবায়ন করবে।

এ ছাড়া দেশের ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০১ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় ১ হাজার ৬৩০ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা করা হয়েছে।

Nagad
Nagad

ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষায় ২৯৮ কোটি ৬৫ লাখ টাকা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণে ৫৫৮ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে।

ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদীর সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকার প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া সেতুর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সক্ষমতা বাড়াতে ১১৫ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ১০১ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা এবং ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনীতে অতিরিক্ত ৬২৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ৪৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয় কমানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।