Print

সারাদিন

শহর থেকে গ্রাম-মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতের আহ্বান মন্ত্রীর

প্রকাশিত: ৫:৫১ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

শহরের পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত মোবাইল ও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে মোবাইল অপারেটর রবির প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে ‘ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শুধু বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হবে। টাওয়ার শেয়ারিংয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান বাড়াতে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো জনবান্ধব উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল যেন সরাসরি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের প্রশংসা করে মন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সারাদেশের গ্রাহকরাও একই ধরনের উন্নত টেলিযোগাযোগ সেবা পাবেন।

গ্রাহকদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কলড্রপ, প্যাকেজের মেয়াদ শেষ হওয়া, ডাটা ও ব্যালান্স নিয়ে গ্রাহকদের নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে মোবাইল অপারেটরদের আরও কার্যকর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাকেজের শর্ত, মেয়াদ এবং গ্রাহকের অধিকার স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিনিয়োগ গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও উৎসাহিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে টেলিযোগাযোগ খাতে মালয়েশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর প্রত্যাশা জানান তিনি।

Nagad
Nagad

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকার, নিয়ন্ত্রক সংস্থা, মোবাইল অপারেটর ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকার বা নিয়ন্ত্রক সংস্থা একা সবকিছু করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমিয়ে সাশ্রয়ী স্মার্টফোন সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রায় অর্ধেক মোবাইল ব্যবহারকারী এখনো ফিচার ফোন ব্যবহার করেন উল্লেখ করে তাদের স্মার্টফোন ও ডাটা ব্যবহারের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতার প্রশংসা করে রেহান আসিফ আসাদ বলেন, উন্নত নেটওয়ার্ক, সাশ্রয়ী স্মার্টফোন ও এআই টুল ব্যবহারের সুযোগ নিশ্চিত করা গেলে তরুণরা বিশ্ব প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারবে। শিক্ষার্থী ও তরুণদের জন্য ডাটা প্যাকেজের সঙ্গে এআই প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা যুক্ত করার জন্য মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি।

রবির তথ্যমতে, বৃহত্তর ঢাকার গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকায় গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে, কলড্রপ কমেছে ২০ শতাংশ এবং বৃহত্তর ঢাকা ও গাজীপুরে ইনডোর কভারেজ ও সংযোগ আগের তুলনায় তিন গুণ উন্নত হয়েছে।

এ ছাড়া নতুন বিদ্যুৎ সাশ্রয়ী নেটওয়ার্কের ফলে প্রতি জিবি ডাটা ব্যবহারে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে রবি।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাদারা এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।