প্রকাশিত: ৮:৩০ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬
সারাদিন ডেস্ক
কারা মহাপরিদর্শকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তার বর্তমান প্রেষণ পদ কারা মহাপরিদর্শক থেকে প্রত্যাহার করে চাকরি-সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর তাকে এ পদ থেকে প্রত্যাহার করা হলো।
এর এক দিন আগে, মঙ্গলবার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মোতাহের হোসেন জানিয়েছিলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায়। এর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬৯০ জন এখনো পলাতক রয়েছেন।
এদিকে, নতুন করে কাউকে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কি না, বুধবার রাত পর্যন্ত তা জানা যায়নি।