Print

সারাদিন

জরুরি প্রয়োজনে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

প্রকাশিত: ৯:৫১ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি করে কার্গো নেওয়া হবে। দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি চাহিদা পূরণই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করেই এসব এলএনজি কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি পর্যালোচনা করে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি পূরণে আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভর করছে সরকার। সাম্প্রতিক সময়ে গ্যাসের সরবরাহ ও মজুত কমে আসায় জরুরি ভিত্তিতে নতুন কার্গো আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Nagad
Nagad