প্রকাশিত: ৬:১৯ অপরাহন, গাস্ট ২০, ২০২৬
সারাদিন ডেস্ক
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে অলি আহমদকে পরাজিত করে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও ছয়জন ভোট দেননি। তাদের মধ্যে পাঁচজন জাতীয় সংসদে উপস্থিত ছিলেন না। তারা হলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত থাকেন।