প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্, গাস্ট ২১, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আইন মন্ত্রণালয়ের সাংবিধানিক ব্যাখ্যার পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় স্পিকারের দায়িত্ব ও এখতিয়ার বর্তমানে কায়সার কামাল পালন করছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন। ভোটদানে অংশ নেননি ছয়জন।
দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যার শপথগ্রহণের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।