Print

সারাদিন

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’

প্রকাশিত: ৩:১৮ অপরাহন, গাস্ট ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন এই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একই সঙ্গে বিলুপ্ত হয়েছে বিডা, বেজা ও পিপিপিএ।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আইনের ধারা ১-এর উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে বৃহস্পতিবার থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করা হয়েছে।

বিডা সূত্রে জানা গেছে, গেজেট কার্যকর হওয়ার পর থেকে তিন সংস্থার সব কার্যক্রম ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে পরিচালিত হবে। নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

নতুন আইন অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করবে। এর প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। সরকারের অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন স্থানে শাখা এবং বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপনের সুযোগ থাকবে।

কর্তৃপক্ষ পরিচালনায় একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে একটি বোর্ড গঠন করা হবে। চেয়ারম্যান একই সঙ্গে কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

Nagad
Nagad

নতুন সংস্থার অন্যতম দায়িত্ব হবে বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা।

এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সেবা আরও সহজ ও সমন্বিত করার পাশাপাশি বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বও পালন করবে নতুন কর্তৃপক্ষ।

একীভূতকরণের ফলে বিডা, বেজা ও পিপিপিএর বিদ্যমান সম্পদ, নথি, চুক্তি, দায়-দেনা ও অন্যান্য বিষয় ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর কাছে হস্তান্তর হবে। একই সঙ্গে তিন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও নতুন কর্তৃপক্ষের অধীনে দায়িত্ব পালন করবেন।