Print

সারাদিন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্, গাস্ট ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। তবে কবে থেকে এবং কী প্রক্রিয়ায় এসব এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুক্রবার প্রকাশিত তালিকায় বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এজেন্সিগুলো হলো—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খানজাহান আলী ওভারসিজ, আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন জনশক্তি রপ্তানিকারকদের একাংশ। তাদের অভিযোগ, মাত্র ২৫টি এজেন্সি বাছাইয়ের প্রক্রিয়া ও মানদণ্ড স্পষ্ট না হওয়ায় নতুন করে সিন্ডিকেট তৈরির আশঙ্কা রয়েছে।

অতীতেও মালয়েশিয়ার শ্রমবাজারে এজেন্সি বাছাই নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। ২০১৫ সালে ১০টি এবং ২০২২ সালে ২৫টি এজেন্সিকে কর্মী পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগের পর ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়।

চলতি বছরের জুনে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর দেশটির শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়। মালয়েশিয়ার শর্ত পূরণকারী ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা বাংলাদেশ সরকার জমা দিলেও সেখান থেকে ২৫টি এজেন্সি নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কর্মী পাঠানো শুরু করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চুক্তি নবায়ন এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে নিয়োগ প্রক্রিয়া, কর্মীর সংখ্যা ও অন্যান্য শর্ত চূড়ান্ত করতে হবে। তাই ২৫ এজেন্সির তালিকা প্রকাশ হলেও বাস্তবে কর্মী পাঠানো শুরু করতে আরও কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে। সূত্র: জাগো নিউজ

Nagad
Nagad