প্রকাশিত: ৫:৫১ অপরাহন, গাস্ট ২২, ২০২৬
সারাদিন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৮০ শিশু।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হিসাবটি শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮১৫ শিশু।
একই সময়ে নতুন করে ৭৫৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩।
এ সময় মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।