প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্, গাস্ট ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। একই সঙ্গে মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক ও জাতীয় ঐক্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
তিনি বলেন, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের গর্বের জায়গাগুলো অক্ষুণ্ন রাখার দায়িত্বও তাদের রয়েছে।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়ে সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুলত্রুটি সবারই হতে পারে। তবে নৈতিকতার জায়গা থেকে সরকার শক্ত অবস্থানে রয়েছে। দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদমাধ্যম সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য মানুষের সামনে তুলে ধরেছে। জুলাই আন্দোলনেও সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলে না যাই।’
গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিচার বিভাগ, রাজনীতি ও সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতে সময় লাগবে। ক্ষতিগুলো মেরামতের পাশাপাশি নতুন ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।
কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, সরকার পরিচালনা একটি দলগত কাজ। রাজনীতিতে তার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজে কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করা তাদের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে। তাই সরকারের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।