Print

সারাদিন

চট্টগ্রামে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২:১৫ অপরাহন, গাস্ট ২৩, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরে খাদ্য উৎপাদনে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২২ আগস্ট) প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আদালত।

অভিযানে নিম্নমানের ঘি ব্যবহার ও অনুমোদন ছাড়াই ঘি উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া পচা ও বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ এবং তা খাদ্য তৈরিতে ব্যবহারের অভিযোগও ওঠে।

কারখানায় মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট সংরক্ষণ করা হচ্ছিল বলেও অভিযানে ধরা পড়ে। বিভিন্ন পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পুষ্টিসংক্রান্ত তথ্য যথাযথভাবে উল্লেখ করা হয়নি।

এ ছাড়া স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা টাইলস ও অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থার মধ্যে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। পোকাযুক্ত বাদাম ও অপরিষ্কার সরঞ্জাম ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

ফ্রিজারে মেয়াদ উল্লেখ না থাকা খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবসায়িক ও মান নিয়ন্ত্রণসংক্রান্ত সনদ না থাকার অভিযোগও পাওয়া যায়।

Nagad
Nagad

অভিযানের সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ, ড্রয়ার ও ফ্রিজার তালাবদ্ধ রাখা হয়। এতে তদন্ত কাজে অসহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম মহানগরের বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।