প্রকাশিত: ২:৫৮ অপরাহন, গাস্ট ২৩, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
স্মার্টফোনের দাম বাড়লেও বাজেটের মধ্যে বড় ব্যাটারি ও আধুনিক ফিচারের সমন্বয়ে নতুন হ্যান্ডসেট এনেছে হেলিও। ১৮ হাজার ৯৯৯ টাকা দামের নতুন হেলিও ৬২ স্মার্টফোনে থাকছে ৭ হাজার এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা।
হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম বলেন, বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে গিয়ে যেন ব্যবহারকারীদের প্রয়োজনীয় ফিচারের সঙ্গে আপস করতে না হয়, সেই লক্ষ্যেই হেলিও ৬২ তৈরি করা হয়েছে। তিনি বলেন, ১৮ হাজার ৯৯৯ টাকার এই ফোনে ৭ হাজার এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র্যাম, আইপি৬৪ রেটিং এবং আয়রন গার্ড সুরক্ষা দেওয়া হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৮০০ নিট উজ্জ্বলতা রয়েছে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে আয়রন গার্ড প্রটেকশন।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। সঙ্গে আছে ৬ জিবি র্যাম ও আরও ৬ জিবি ভার্চুয়াল র্যামের সুবিধা। ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
হেলিও ৬২-এর অন্যতম আকর্ষণ এর ৭ হাজার এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। কোম্পানির দাবি, ৪৩ মিনিটে ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে এবং পুরো চার্জ হতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট।
ক্যামেরা বিভাগে পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিং সুবিধাও রয়েছে।
ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষায় ফোনটিতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, আয়রন গার্ড সুরক্ষার কারণে ফোনটি ১ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ঝুঁকিও সামলাতে সক্ষম।
এ ছাড়া ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, ডুয়াল স্পিকার, কাস্টমাইজযোগ্য হ্যালো লাইট, এনএফসি, জাইরোস্কোপ ও ম্যাগনেটোমিটার।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা হেলিও ৬২-এর সঙ্গে দেওয়া হচ্ছে ১৫ মাসের ওয়ারেন্টি।
টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন—এই তিন রঙে ফোনটি দেশের হেলিও অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।