প্রকাশিত: ৯:০৯ অপরাহন, গাস্ট ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে ঢাকাই চলচ্চিত্রের ৫৮ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের তিনটি ঐতিহ্যবাহী সিনেমা হলও পেয়েছে বিশেষ সম্মাননা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে শনিবার উৎসবের উদ্বোধনী দিনে জীবিত ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের অভিনয়, পরিচালনা, সংগীত, চিত্রগ্রহণ এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি দেওয়া হয়।
জীবিত গুণীজনদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুজাতা, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ। অভিনেতাদের মধ্যে সম্মাননা পেয়েছেন উজ্জ্বল, সোহেল রানা, আলমগীরসহ আরও অনেকে।
মরণোত্তর সম্মাননা পেয়েছেন কিংবদন্তি নির্মাতা জহির রায়হান, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলামসহ চলচ্চিত্রের বহু গুণী ব্যক্তিত্ব।
এ ছাড়া লায়ন সিনেমা হল, আজাদ সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। উৎসব উপলক্ষে মধুমিতা সিনেমা হলে দেশের স্মরণীয় ১৩টি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।