প্রকাশিত: ৯:৩৫ অপরাহন, গাস্ট ২৩, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বিশ্বের অন্যতম বড় গেমিং আয়োজন গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ থিম নিয়ে অংশ নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা গিগাবাইট। জার্মানির কোলনমেসেতে প্রতিষ্ঠানের বুথকে গড়ে তোলা হচ্ছে গেমিংপ্রেমীদের জন্য বিশেষ অভিজ্ঞতার একটি প্লেগ্রাউন্ড হিসেবে।
এ আয়োজনেই প্রথমবারের মতো আত্মপ্রকাশ করবে নতুন অরাস ইনফিনিটি সিরিজ। সিরিজটির অন্যতম আকর্ষণ এক্স৮৭০ই অরাস ইনফিনিটি নেক্সট মাদারবোর্ড। এতে অ্যারোস্পেস-গ্রেড প্রকৌশল ও থ্রিডি মেটাল-প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
গিগবাইট জানায়, নতুন সিরিজে থাকছে অরাস জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ইনফিনিটি গ্রাফিক্স কার্ড। এতে ব্যবহার করা হয়েছে উইন্ডফোর্স হাইপারবার্স্ট কুলিং প্রযুক্তি। পাশাপাশি ১৬ ইঞ্চির সমন্বিত সাইড ডিসপ্লেসহ অরাস সি৫১০ গ্লাস ইনফিনিটি চ্যাসিস এবং নতুন গেমিং পেরিফেরালও প্রদর্শন করা হবে।
বিশেষ গেমিং কর্নারে থাকবে অরাস মাস্টার ১৬ এআই গেমিং ল্যাপটপ। এতে গিগাবাইটের নিজস্ব জিমেট এআই এজেন্টের মাধ্যমে রিয়েল-টাইম পারফরম্যান্স টিউনিংয়ের সুবিধা থাকবে। পাশাপাশি অরাস আরটিএক্স ৫০৬০ টিআই এআই বক্স ব্যবহার করে গেমিং ও এআইভিত্তিক কাজের মধ্যে হার্ডওয়্যার রিসোর্স ব্যবস্থাপনা করা যাবে।
গেমিং অভিজ্ঞতার জন্য থাকছে এফও২৭কিউ২৮জি ও এফও২৭কিউ২৪জি ওএলইডি গেমিং মনিটর। বুথে আরও প্রদর্শন করা হবে কেবলবিহীন ডিজাইনের স্টেলথ সিরিজ পিসি, উড সিরিজ এবং অ্যানিমে-অনুপ্রাণিত চরিত্র অরাস আরি।
গেমসকমে দর্শনার্থীরা স্ট্রিট ফাইটার ৬, প্র্যাগমাটা, ফোরজা হরাইজন ৬ এবং স্টার ওয়ার্স জিরো কোম্পানিসহ বিভিন্ন গেম খেলার সুযোগ পাবেন।
এদিকে ভ্যালোরেন্ট চ্যাম্পিয়নস ট্যুর (ভিসিটি) ইএমইএ-এর অফিসিয়াল হার্ডওয়্যার পার্টনার হিসেবে অরাস আয়োজন করছে বিশেষ ভ্যালোরেন্ট চ্যালেঞ্জ। এতে অংশগ্রহণকারীরা পেশাদার খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পাবেন।
গেমসকমকে কেন্দ্র করে বিশ্বজুড়ে গেমারদের জন্য অনলাইন ক্যাম্পেইনও চালু করছে অরাস। এতে এক্স৮৭০ই অ্যারো এক্সথ্রিডি উড মাদারবোর্ড এবং এমও২৭কিউ২৮জিআর ওএলইডি গেমিং মনিটরসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ থাকবে।
গেমসকম ২০২৬-এ গিগাবাইট ও অরাসের এই আয়োজন দেখা যাবে জার্মানির কোলনমেসের হল ৮-এর সি০৫০ নম্বর বুথে। এই গেমসকম অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ আগস্ট।