প্রকাশিত: ৭:৩২ অপরাহন, গাস্ট ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত রাজনৈতিক সমাবেশ করতে না দেওয়ার ঘটনাকে স্বাধীন রাজনৈতিক চর্চা ও সংবিধানস্বীকৃত সভা-সমাবেশের স্বাধীনতার ওপর ‘নগ্ন আঘাত’ বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে দলটি।
সোমবার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই। কিন্তু নির্বাচিত সরকারও বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের মতো বিরোধী বা ভিন্নমতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার পুরোনো চর্চা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তারা।
বিবৃতিতে নেতারা বলেন, জনগণ কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি দেখতে রক্ত দেয়নি। রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার একটি রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
তারা বলেন, কোনো যুক্তি বা অজুহাতেই একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মতপ্রকাশের অধিকার হরণ করা সমর্থনযোগ্য হতে পারে না।
এনসিপির নেতারা আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে বিরোধী দলের পথ রুদ্ধ করার অগণতান্ত্রিক মানসিকতা প্রমাণ করে যে শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন এখনো অধরা। সরকার জনআকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থ হয়ে দমন-পীড়নের পুরোনো পথ বেছে নিলে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া আবারও ঝুঁকির মুখে পড়বে।
এ অবস্থায় সরকারকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় দলটি। সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সভা, সমাবেশ এবং কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ দমনে প্রশাসন ও পুলিশি ক্ষমতার অপব্যবহার বন্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার দাবি জানিয়েছে এনসিপি।
বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, রাজপথে জনগণের বাকস্বাধীনতা ও সমাবেশের অধিকার হরণের যেকোনো অপচেষ্টা দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে এনসিপি। অবিলম্বে সব দলের জন্য সমান গণতান্ত্রিক ও রাজনৈতিক সুযোগ নিশ্চিত না করা হলে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সারাদেশে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার হবে দলটি।