প্রকাশিত: ৮:১১ অপরাহন, গাস্ট ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চাইছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জোটের নেতারা।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় ১১ দলীয় জোটের নেতারা পুলিশ সদর দপ্তরে গিয়ে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন। বৈঠক শেষে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে জোট নেতাদের।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এ তথ্য জানিয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার এবং বৈষম্যবিরোধী রাজনৈতিক দাবিগুলো সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জোটের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে।
গত ১৭ আগস্ট লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জোট নেতারা মনে করছেন, বড় রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ। এ কারণে লংমার্চের রুট, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, যান চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে পুলিশের সহযোগিতা চাওয়া হবে। বৈঠকে কর্মসূচির রুট, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করা হবে।
লংমার্চের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচির কারণে পথে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকেও গুরুত্ব দিচ্ছে ১১ দলীয় ঐক্য।