প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্, গাস্ট ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কখন, কোথায় বা কীভাবে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে এবং তার কোন ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নেতানিয়াহু এ দাবি করেন।
নেতানিয়াহু বলেন, তার পরিবারের জন্য দেওয়া বিশেষ নিরাপত্তা কোনো বিলাসিতা নয়। ইরান তার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাকে হত্যার চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি।
তবে নেতানিয়াহুর দুই ছেলে—ইয়াইর ও আভনারের মধ্যে কে ওই কথিত হত্যাচেষ্টার লক্ষ্য ছিলেন, তা স্পষ্ট করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে অভিযোগের সময়, স্থান কিংবা পরিকল্পনার বিস্তারিতও প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে আলোচনার সময় এ দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি শুধু তার পরিবারের জন্য নয়, প্রধানমন্ত্রী পদপ্রার্থী অন্য নেতাদের ক্ষেত্রেও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
এদিকে, নেতানিয়াহুর এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স