Print

সারাদিন

১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

প্রকাশিত: ১২:২২ অপরাহন, গাস্ট ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন না করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।**

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়খুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গভর্নর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে আমানতকারীদের মধ্যে যে অস্পষ্টতা রয়েছে, তা দূর করতে ব্যাংক কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে হবে যে মুনাফার ওপর কোনো কর্তন করা হবে না।

তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের **আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর দ্রুততম সময়ের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংককে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনার নির্দেশনাও দেন।

Nagad
Nagad

দীর্ঘদিন ধরে আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

এর আগে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসকের মাধ্যমে পরিচালিত হলেও সম্প্রতি প্রশাসকদের দায়িত্ব থেকে সরিয়ে সরকারের নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়ার কথা রয়েছে।