প্রকাশিত: ২:১৬ অপরাহন, গাস্ট ২৫, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে গ্লোবাল ইনোভেটিভ প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই তারকা ফুটবলারের সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে হামজা চৌধুরীর দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতার মিল রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা চৌধুরী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। মাঠে তার পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা তরুণদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
দেশের ফুটবলকে ঘিরে গুরুত্বপূর্ণ সময়ে এই অংশীদারত্বের ঘোষণা দিল টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে টেকনোর সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, হামজার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতা রয়েছে, তা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে দারুণভাবে মিলে যায়। তিনি বলেন, হামজা এখন টেকনো পরিবারের অংশ। সামনে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ রয়েছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করতে চায় টেকনো।
এই অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্য প্রচারণায় দেখা যাবে হামজা চৌধুরীকে। আসন্ন ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, বিভিন্ন ফ্যান অ্যাক্টিভেশন ও ভোক্তা ক্যাম্পেইনেও যুক্ত থাকবেন তিনি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিংয়ের মাধ্যমে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হবে।
টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে খুবই বিশেষ। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তার জন্য অসাধারণ অভিজ্ঞতা। তিনি বলেন, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, তার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন।
আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বেশ কয়েকটি ক্যাম্পেইন, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে টেকনোর। মাঠের খেলা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম-বিভিন্ন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য নিয়েই শুরু হলো টেকনো ও হামজার নতুন পথচলা।