প্রকাশিত: ৭:০৬ অপরাহন, গাস্ট ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
৪৮তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্তদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নব নিয়োগ শাখা) সাবিহা ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে ১৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে চাকরিতে যোগ দেবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।
এ ছাড়া তাঁদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কাউকে চাকরিতে বহাল থাকার অনুপযোগী মনে হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে।
এর আগে গত ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডার পদে তিন হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।
সরকারি কর্ম কমিশন ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে সহকারী সার্জন পদে দুই হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়।