প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্, গাস্ট ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
ধর্মীয় বর্ণনা অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন।
দিনটি উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ ভুলে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মাসজুড়ে ইসলামী বইমেলা ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।