প্রকাশিত: ১:৫১ অপরাহন, গাস্ট ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নীতি অনুসরণ করাই যৌক্তিক। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চরমোনাই পীর বলেন, রাসুলুল্লাহ (সা.) মানবসভ্যতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব। তিনি ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর আনীত দ্বীন রাষ্ট্র পরিচালনায় সফলতা এনে দিয়েছিল এবং শান্তি ও সমৃদ্ধিতে পৃথিবী উদ্ভাসিত হয়েছিল।
তিনি বলেন, আজও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর দেওয়া জীবনবিধান অনুসরণ করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-কে অনুসরণ করেন। তাই রাষ্ট্র পরিচালনায়ও তাঁর নীতি অনুসরণ করা যুক্তিসংগত।
চরমোনাই পীর আরও বলেন, মহানবী (সা.)-এর নীতিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। পাশাপাশি ব্যক্তিজীবনে সুন্নাহ আঁকড়ে ধরতে, বেশি বেশি দরুদ পাঠ করতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়াহ অনুসরণ করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উভয় জীবন কল্যাণময় হবে।