Print

সারাদিন

নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৭, দুই শতাধিক বিদেশিসহ নিখোঁজ ৩৮৪

প্রকাশিত: ৬:৪৮ অপরাহন, গাস্ট ২৬, ২০২৬

সারাদিন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যার পর দুই শতাধিক বিদেশি নাগরিকসহ মোট ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে দেশটির বিভিন্ন জেলায় বন্যার পর এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নেপাল পুলিশ।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যার পর এখন পর্যন্ত ৩৮৪ জন ভ্রমণকারী নিখোঁজ হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালের নাগরিক।

নিখোঁজদের অবস্থান শনাক্ত এবং তারা নিরাপদে আছেন কি না, তা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।

বুধবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডুর উত্তরে রাসুয়া জেলায় আকস্মিক বন্যা আঘাত হানে। ভোতে কোশি নদীর তীরবর্তী এবং নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় বন্যার পর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওই এলাকায় অবস্থানরত বহু পর্যটকের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের মধ্যে রয়েছেন ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন নাগরিক, একজন অস্ট্রেলীয় ও একজন ডাচ নাগরিক। এ ছাড়া আরও ১১১ জন বিদেশি নাগরিক নিখোঁজ থাকলেও তাদের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।

Nagad
Nagad

নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্গম ও পাহাড়ি এলাকায় বন্যার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে নেপাল সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছে।