Print

সারাদিন

৬৪ জেলার তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে নতুন দায়িত্ব

প্রকাশিত: ৮:৩২ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপরা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে ভূমিকা রাখবেন তারা।

নতুন দায়িত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় এবং আব্দুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা, খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চট্টগ্রাম এবং এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন।

আসাদুল হাবিব দুলুকে ঠাকুরগাঁও ও দিনাজপুর, মো. আসাদুজ্জামানকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এবং জাকারিয়া তাহেরকে ফেনী ও নোয়াখালীর দায়িত্ব দেওয়া হয়েছে।

Nagad
Nagad

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের, সাচিং প্রু কক্সবাজারের এবং মো. শরীফুল আলম টাঙ্গাইল ও নরসিংদীর দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া শামা ওবায়েদ ইসলাম মাদারীপুর ও শরীয়তপুর, অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, আব্দুল বারী বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন।

গেজেটে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ দেবেন।

প্রয়োজনে তারা সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।