প্রকাশিত: ৮:৫৯ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬
সারাদিন ডেস্ক
স্বামী তৌফীক নেওয়াজের মৃত্যুর পর আর বাসায় ফেরার তাড়া অনুভব করছেন না বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি নিজের করা জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছার কথাও জানান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জামিন শুনানির দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দীপু মনি বলেন, তিনি প্রায় দুই বছর ধরে কারাবন্দি এবং গত এপ্রিল মাসে তার পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। তবে এখন আর তিনি জামিন চান না।
দীপু মনি বলেন, এর আগে জামিন শুনানির সময় ট্রাইব্যুনাল তাকে প্রশ্ন করেছিলেন, বাসায় গিয়ে তিনি কী করবেন। এখন তার আর বাসায় যাওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
ট্রাইব্যুনালে সাবেক এই মন্ত্রী বলেন, তার স্বামী তৌফীক নেওয়াজ দীর্ঘ সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং বাকশক্তি হারিয়েছিলেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্বামীর যত্ন নিতেন। তবে কারাবন্দি থাকার কারণে স্বামীর শেষ সময়ে তার পাশে থাকতে পারেননি বলে আবেগাপ্লুত কণ্ঠে জানান দীপু মনি।
তিনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারেননি তিনি। এখন সন্তানরা তার জামিন চাইলেও বাসায় ফেরার জন্য তার আর কোনো তাড়া নেই।
গত ১৮ আগস্ট রাতে দীপু মনির স্বামী তৌফীক নেওয়াজ মারা যান। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বামীর কাছে যাওয়ার প্রয়োজনেই চার মাস আগে জামিনের আবেদন করা হয়েছিল বলে ট্রাইব্যুনালকে জানান দীপু মনি।
তার বক্তব্য শুনে ট্রাইব্যুনাল বলেন, তারা এ ঘটনায় ব্যথিত এবং জামিন আবেদনের যৌক্তিকতাও রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়।
পরে দীপু মনির জামিন শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।