প্রকাশিত: ৯:১০ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬
সারাদিন ডেস্ক
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বুধবারের এই ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের তিব্বত সীমান্তসংলগ্ন এলাকা। নিখোঁজদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে জানা গেছে।
বন্যার প্রবল স্রোতে একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেসে গেছে। ওই সড়ক দিয়ে বিপুলসংখ্যক পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রী চলাচল করতেন। ফলে হতাহত ও নিখোঁজের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার ব্যবহার করছেন। দুর্গম শহর ও উপত্যকায় আটকে পড়া হাজারো মানুষের কাছে আকাশপথে তাঁবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
ভয়াবহ এই ধ্বংসযজ্ঞের মধ্যেও কয়েকজনের অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামনে এসেছে।
বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, হিমবাহ ধসের কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। তবে বিপর্যয়ের প্রকৃত কারণ এবং নিখোঁজদের অবস্থান শনাক্তে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
সূত্র: রয়টার্স