Print

সারাদিন

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

প্রকাশিত: ৯:৩৬ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬

সারাদিন ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। এর অংশ হিসেবে ১৭টি ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহের চুক্তি সম্পন্ন হয়েছে।

প্রণোদনা প্যাকেজে অর্থ দিতে সম্মত হওয়া ব্যাংকগুলো হলো—সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত ২৩ মে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে সচল করার লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। মোট তহবিলের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪১ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে বাকি ১৯ হাজার কোটি টাকা।

প্যাকেজের সবচেয়ে বড় অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালুর জন্য। এ তহবিল থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের গড়ে সাড়ে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এর আগে জানিয়েছিলেন, এ প্যাকেজ মূলত ‘উৎপাদন ও কর্মসংস্থান পুনরুদ্ধার’ কর্মসূচি। এর মাধ্যমে প্রায় ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।

এদিকে, ৪১ হাজার কোটি টাকার তহবিলের ঋণ বিতরণ সেপ্টেম্বরের শুরুতে শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Nagad
Nagad

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে বন্ধ শিল্পকারখানা পুনরায় উৎপাদনে ফিরবে, বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করা হচ্ছে।