প্রকাশিত: ১০:২০ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন। ১১টি পরিচালক পদে প্রাথমিকভাবে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।
প্রাথমিক তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন-রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান ও এ কে এম আশরাফ উদ্দিন।
সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন সাইফুল ইসলাম সিদ্দিক, নূর মাহমুদ খান ও আনিসুল হক ভূঁইয়া। সহ সভাপতি (অ্যাডমিন) পদে প্রার্থী হয়েছেন রিয়াদ হাসনাইন ও মো. মুসনাদ এ আহমেদ।
সহ সভাপতি (ফাইন্যান্স) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানিয়া সুলতানা, তৌফিকুল করিম ও তানজিল আবেদিন।
পরিচালক (সাধারণ) পদে প্রার্থী হয়েছেন মো. জুয়েল, সুমন মোহাম্মদ তারেক, আপেল মাহমুদ খান, মো. আবদুর রাজ্জাক, দেলোয়ার আলম, আরেফিন রাফি আহমেদ, আবদুল্লাহ আল মামুন, ফেরদৌস আলম, মো. রাশেদুল ইসলাম ও মো. ফুয়াদ হাসান।
পরিচালক (সহযোগী) পদে রয়েছেন সৈয়দ শফিকুল আলম, মো. জুবায়ের ও আহমেদ আরমান সিদ্দিকী। পরিচালক (অ্যাফিলিয়েট) পদে একমাত্র প্রার্থী সুমাইয়া ইসলাম।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি ও আপিল নিষ্পত্তির পর আগামী ২ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর।
আগামী ২৬ সেপ্টেম্বর বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেসিসের একাধিক সদস্যও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
বেসিস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু শোম মহান ও উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।