প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্, গাস্ট ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই অংশীদারত্ব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হামজার লড়াকু মানসিকতা, দৃঢ়তা ও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে ব্র্যান্ডটি।
পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা চৌধুরী অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। মাঠে তার পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এদিকে দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ সময়ে এই অংশীদারত্বের ঘোষণা দিয়েছে টেকনো। প্রতিষ্ঠানটি ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সরও। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে টেকনোর সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার মধ্যে থাকা উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে মিলে যায়। হামজা এখন টেকনো পরিবারের অংশ। সামনে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ রয়েছে। প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির লক্ষ্য রয়েছে তাদের।
এই অংশীদারত্বের আওতায় টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রচারণায় দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, বিভিন্ন ফ্যান অ্যাক্টিভেশন ও ভোক্তা-কেন্দ্রিক প্রচারণাতেও অংশ নেবেন তিনি।
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করছে টেকনো। হামজার সঙ্গে এই পথচলায় স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরিতেও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।
টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে খুবই বিশেষ। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে তিনি আনন্দিত। সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার বিশ্বাসের সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন বলেও জানান হামজা।
আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বিভিন্ন প্রচারণা, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজন করবে টেকনো। মাঠের খেলা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম—বিভিন্ন আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।