Print

সারাদিন

এআই দিয়ে রায় লিখতে পারবেন না: প্রধান বিচারপতি

প্রকাশিত: ৬:০৩ অপরাহন, গাস্ট ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার অনুচিত।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা অসীম উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এর ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে। তবে এআইয়ের ইতিবাচক ও নেতিবাচক-দুই দিকই রয়েছে।

এআই ব্যবহারের ঝুঁকি তুলে ধরে তিনি যুক্তরাজ্যের একটি মামলার উদাহরণ দেন। তিনি বলেন, একটি মামলার রায়ে এমন একটি মামলার নজির ব্যবহার করা হয়েছিল, যার কোনো অস্তিত্বই ছিল না। পরে কয়েকটি আদালত সেই রায় অনুসরণ করে। বিষয়টি গবেষণার মাধ্যমে প্রকাশ পাওয়ার পর সংশ্লিষ্ট বিচারক বিব্রত হন।

প্রধান বিচারপতি বলেন, এআইয়ের দেওয়া তথ্য যাচাই না করে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ।

নিজের ২৩ বছরের বিচারিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এআই দিয়ে যা-ই করেন আর না করেন, রায় লিখতে পারবেন না। এটা হবে অনুচিত।’

Nagad
Nagad

রায় লেখার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, প্রথমে মামলার ঘটনা বা তথ্য বিবেচনা করতে হয়। এরপর ওই তথ্যের ওপর প্রযোজ্য আইন ও আইনের সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করতে হয়। সবশেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচারকের বিবেক ও নৈতিকতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘ফ্যাক্ট, তারপরে আইন। লাস্টলি, আপনি যখন সিদ্ধান্ত নেবেন, আপনি কিন্তু এই ফ্যাক্ট আর আইনের সঙ্গে যে জিনিসটি আমি ব্যবহার করি, বা এমন প্রত্যেক বিচারক ব্যবহার করেন, সেটা হচ্ছে আপনার বিবেক।’

বিচারকের এই বিবেক এআই দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, বিবেক একজন মানুষের নিজস্ব বিষয়। এটি তার স্বপ্রণোদিত চিন্তাশক্তি। মানুষ যখন নিজের চিন্তাশক্তি হারিয়ে ফেলবে, তখন সে অনেক ছোট হয়ে যাবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। স্বাগত বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনোভা শেলী।