প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্, গাস্ট ৩০, ২০২৬
সারাদিন ডেস্ক
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রতীকবিহীন নির্বাচনে প্রার্থীরা দলীয় পরিচয়ের পরিবর্তে নিজেদের জনপ্রিয়তা, সততা, যোগ্যতা ও জনগণের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।
শনিবার (৩০ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সালথা ও নগরকান্দা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। কোনো পক্ষ যাতে সংঘাত সৃষ্টি করে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ঘটনা বা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে। আইন নিজের হাতে না তুলে নিয়ে যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন তিনি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিষয়ে প্রশাসন, পুলিশ ও স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।