প্রকাশিত: ৫:৪৮ অপরাহন, গাস্ট ৩০, ২০২৬
সারাদিন ডেস্ক
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সূত্র পায়।
তিনি বলেন, ‘একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনির এই ঘটনার কানেকশন পাওয়া যায়। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। তার ওপর আমাদের নজরদারি রয়েছে।’
তদন্তের মাধ্যমে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হবে বলেও জানান আমিনুল ইসলাম।
তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড একটি ব্যক্তিগত হত্যা মামলা। এ মামলার বিচার সংশ্লিষ্ট দায়রা আদালতেই হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ সময় ধরে ডিবি ও র্যাবের পর বর্তমানে পিবিআই মামলাটির তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় সর্বশেষ গত ২৭ আগস্ট আদালত আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।