Print

সারাদিন

দুই মাস নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী, বাড়তি দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্, গাস্ট ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রায় দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর অনুপস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার দিবাগত রাতে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের গোপন ভোটে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটে হারিয়ে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে অবস্থানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত দায়িত্বের বাইরে অন্যান্য সব দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

Nagad
Nagad