Print

সারাদিন

এমএসএফের প্রতিবেদন

আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২%, বেড়েছে খুন-অপহরণ

প্রকাশিত: ৬:১২ অপরাহন, গাস্ট ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

জুলাই মাসের তুলনায় আগস্টে দেশে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সময়ে ধর্ষণ, হত্যা, আত্মহত্যা এবং অপহরণ বা নিখোঁজের ঘটনাও বেড়েছে।

জুলাই ও আগস্ট মাসে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করে সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এমএসএফ।

প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের তুলনায় আগস্টে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৩০৬টি থেকে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে এ ধরনের ঘটনা বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ।

নারী ও শিশু হত্যার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। জুলাইয়ে ৫২টি হত্যার ঘটনা থাকলেও আগস্টে তা বেড়ে ৯১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে নারী ও শিশু হত্যা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ।

এমএসএফের তথ্য অনুযায়ী, আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ এবং ধর্ষণ ও হত্যা ৬৭ শতাংশ বেড়েছে। একই সময়ে আত্মহত্যা বেড়েছে ৩৯ শতাংশ, অপহরণ ও নিখোঁজের ঘটনা ৮ শতাংশ এবং বেআইনি সালিশ ৩৩ শতাংশ বেড়েছে। এ ছাড়া মাদক মামলায় আটক বেড়েছে ১২৯ শতাংশ।

প্রতিবেদনে আগস্টে অনলাইন জুয়া-সংক্রান্ত ঘটনায় একজন নিহত, একজন আহত এবং চারজন আটকের তথ্যও তুলে ধরা হয়েছে। লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় এক শিক্ষক নিহত এবং একজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Nagad
Nagad

এমএসএফ আগস্টে কয়েকটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও তুলে ধরেছে। এর মধ্যে গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের একটি ঘটনায় ভুক্তভোগী নারীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

নোয়াখালীতে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা এবং শরীয়তপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা এক লাখ টাকায় মীমাংসার অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আগস্টে তিনটি জীবিত নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের তথ্য দিয়েছে এমএসএফ। এ ধরনের ঘটনায় প্রকৃত অভিভাবক বা দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘটনা খুবই বিরল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।