প্রকাশিত: ৬:৩৫ অপরাহন, গাস্ট ৩১, ২০২৬
সারাদিন ডেস্ক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এসব ভোটার স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সে সময় ইসি সচিব জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন শুরু হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।