প্রকাশিত: ২:০৫ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৬
সারাদিন ডেস্ক
মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার ক্ষেত্রে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বিষয়টি সময় নিয়ে যাচাই-বাছাই করে দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বহুপক্ষীয় কোনো ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করা হয়। মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা হবে এবং দেশের জনগণের কী লাভ হবে-এসব বিষয় যাচাই-বাছাই করেই সরকার সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি কিছু পাইনি। তবে এটা উন্মুক্ত আছে, দেখা যাক।’
এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ।
বৈঠকে সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। তরুণ সংসদের উপস্থিতিকেও আইপিইউ ইতিবাচকভাবে দেখছে বলে জানান শামা ওবায়েদ।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।