Print

সারাদিন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পুনরায় আলোচনা শুরু, যা জানা গেল

প্রকাশিত: ৬:৩০ অপরাহন, সেপ্টেম্বর ১, ২০২৬

সারাদিন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। তবে সফরের নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন। এ সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে সফরের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, সম্ভাব্য এ সফরে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ হয়নি।

গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার ঘটনাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ তা ইতিবাচকভাবে নিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো দুষ্কৃতিকারী বা অপরাধীকে বাংলাদেশ যেমন আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো অপরাধীকে আশ্রয় দেবে না বলে তিনি আশা করেন। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

Nagad
Nagad

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো ধরনের চাপ নেই। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ বিমান পরিবহন খাতের সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দলটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।