Print

সারাদিন

নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান, এহছানুল হক পরিকল্পনা কমিশনে

প্রকাশিত: ৮:৩০ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৬

সারাদিন ডেস্ক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কামরুজ্জামান চৌধুরী চলতি বছরের ৩ মার্চ এক বছরের চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তার এক বছরের চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ শেষ হওয়ার কথা।

অন্যদিকে এহছানুল হকও চুক্তিতে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ১৭ আগস্ট তাকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১৮ আগস্ট তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগ দেন।

পরে গত বছরের ১২ অক্টোবর এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।

গত ১৭ আগস্ট তার দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ওই সময় তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। এরপর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হলো।

Nagad
Nagad