Print

সারাদিন

আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০৬ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৬

সারাদিন ডেস্ক

ভোলার দৌলতখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে লুট হওয়া একটি পিস্তলসহ মো. নাহিদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে পিস্তল রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে পিস্তলটি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

এসআই রাকিব বলেন, জব্দ করা অস্ত্রটি চায়না টাইপ-৫৪ পিস্তল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র। পিস্তলটির নম্বর পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। সেটি লুট হওয়া অস্ত্র হলে কোন টিম থেকে লুট হয়েছিল, তা-ও নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। সূত্র: জাগো নিউজ

Nagad
Nagad