প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্, সেপ্টেম্বর ৩, ২০২৬
সারাদিন ডেস্ক
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১৮ আগস্ট সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই অধ্যাপক অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
এদিকে সরকারি কর্ম কমিশনের প্রধানকে প্রচলিতভাবে ‘চেয়ারম্যান’ বলা হলেও সংবিধান, সংশ্লিষ্ট আইন ও সরকারি প্রজ্ঞাপনে পদটি ‘সভাপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবিধানের ১৩৭, ১৩৮ ও ১৩৯ অনুচ্ছেদে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এ কমিশনের প্রধানের পদবি ‘সভাপতি’ বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সংবিধান ও আইনের কারণে এবার পিএসসির প্রধান নিয়োগের সরকারি প্রজ্ঞাপনেও ‘সভাপতি’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আইন ও সরকারি নথির ভাষা বিবেচনায় কমিশনের প্রধানের বাংলা পদবি ‘সভাপতি’ হওয়াই অধিকতর সঠিক।