Print

সারাদিন

উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, গাড়ির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:১৬ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীতে উল্টো পথে বেপরোয়া গতিতে চলার অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

পুলিশ জানায়, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা বলেন, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

ঘটনার সময় গাড়িতে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছিলেন বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, মন্ত্রীর গাড়িটি উল্টো পথে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

Nagad
Nagad

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা করার ঘটনা দেশে এই প্রথম। এটিকে তিনি নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেন।