Print

সারাদিন

পর্দা নামল ভিএলএসআইথন ৩.০, চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের সেমিকন্ডাক্টর খাতের অন্যতম বড় প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেভিয়েশন’। প্রথম রানার্সআপ হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ভলটিক্স’ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেনসিটি ডিমনস’।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে দেড় মাসব্যাপী এ আয়োজনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন দল ‘ডেভিয়েশন’ পেয়েছে এক লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ ‘ভলটিক্স’ পেয়েছে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ‘ডেনসিটি ডিমনস’ পেয়েছে ৪০ হাজার টাকা।

এবারের প্রতিযোগিতায় দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দল থেকে মোট ২০৬ জন শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিষ্ঠান উল্কাসেমির আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) সঙ্গে যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় অনুষ্ঠিত হয় ভিএলএসআইথন ৩.০।

‘প্লেস অ্যান্ড রাউট’ (পিএনআর) ডোমেইনে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনার ও কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পর্ব শেষে তাত্ত্বিক জ্ঞান এবং ইডিএ টুলের ওপর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার ভিত্তিতে সেরা ১০টি দল নির্বাচন করা হয়। পরে কেস সলভিং ও উপস্থাপনা পর্ব শেষে সেরা তিন দল নির্বাচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।

Nagad
Nagad

উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ‘ভিএলএসআইথন একাডেমিক পড়াশোনা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধ তৈরি করছে। দেশে ভিএলএসআইথনে অংশ নেওয়া অনেক প্রতিযোগী এখন উল্কাসেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কর্মরত। এটি প্রমাণ করে, এ ধরনের প্রতিযোগিতা কীভাবে একজন শিক্ষার্থীকে সরাসরি শিল্পখাতের উপযোগী করে তুলতে পারে।’

সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে চাইলে ভিএলএসআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, একাডেমিয়া ও শিল্পখাতের যৌথভাবে এ ধরনের আয়োজনের ফলে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হবে। এ আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়; এর লক্ষ্য উদ্ভাবনী ও দক্ষ নতুন প্রজন্মের প্রকৌশলী তৈরি করা, যারা বিশ্বমানের ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পে অবদান রাখতে সক্ষম হবে।

তারা আরও জানান, উল্কাসেমির সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একাডেমিক ও শিল্পখাতভিত্তিক সহযোগিতা রয়েছে। এ ধরনের যৌথ উদ্যোগ এবং ভিএলএসআই হ্যাকাথনের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগ, পেশাদার প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দলগত কাজের মতো বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে ভিএলএসআইথন ৩.০-এর সেরা ১০ দলের শিক্ষার্থী, এআইইউবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউভিটিআইয়ের প্রশিক্ষক ও শিক্ষার্থী এবং উল্কাসেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।